নতুন চরিত্রে অভিনেত্রী তানজিন তিশা

সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ‘বিউটি কুইন’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘বিউটি কুইন’ হলেও গল্পটি সংগ্রামের, চরিত্রটি একেবারে সাদামাটা। এ ধরনের চরিত্রই এখন বেশি টানে তিশাকে। তিনি সেখানে প্রধান চরিত্রে তথা বিউটি কুইন বা রূপসজ্জাকারীর ভূমিকায় অভিনয় করেছেন। একটি বিউটি পার্লারে কাজ করা এক তরুণীর যাপিত জীবনকে ঘিরেই এ নাটকের গল্প।

‘বিউটি কুইন’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এখানে তিশার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ দুই তারকার পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে আরও আছেন তুতিয়া ইয়াসমিন, সানজিদ লতা, শশী আফরোজা, সাইমন, রিম, মামুন, বাপ্পি প্রমুখ।

সম্প্রতি চ্যানেল আই প্রাইমে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

নতুন চরিত্র সম্পর্কে তানজিন তিশা বলেন, ‘অসংখ্য নাটকে গ্ল্যামার চরিত্রে অভিনয় করেছি। দর্শকের ভালোবাসা কুড়িয়েছি অনেক। তারপরও আত্মতৃপ্তির অভাব বোধ করেছি সব সময়। মনে হয়েছে, পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে হলে সেই সব মানুষের গল্পই পর্দায় তুলে ধরা উচিত, যাদের আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু তাদের জীবনের গল্পটা পুরোপুরি জানা হয়ে ওঠেনি। সে কারণেই গত কয়েক বছর ধরে অভিনয়ের মধ্য দিয়ে নতুন সব চরিত্র পর্দায় তুলে আনার চেষ্টা করছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘একই ভাবনা নিয়ে এবার ‘বিউটি কুইন’ নাটকের পার্লারকর্মীর চরিত্র অভিনয়। এ নাটকে নারীর বেঁচে থাকার পেছনের গল্প এমনভাবে তুলে ধরা হয়েছে, যেখানে দর্শকরা পরিচিত মুখ ও চেনা জীবনের ছায়া খুঁজে পাবেন। নাটকটি অনেকের মনে ছাপ ফেলবে বলেও আমাদের ধারণা।’

এদিকে নাটক ছাড়াও ওটিটিতেও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তানজিন তিশা। শিগগিরই তাকে দেখা যাবে রায়হান রাফী পরিচালিত ‘ব্ল্যাক মানি’ নামে একটি ওয়েব সিনেমায়। সেখানে দর্শক আরও একবার তিশাকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *